ঢাকা: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন আদালত।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ববর্তী রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্ট।
সে সময় বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন একটি বেঞ্চে পুনঃশুনানির জন্য উপস্থাপন করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের আয়কর দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন।
পুনঃশুনানি শেষে বৃহস্পতিবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট। ফলে এনবিআরের দাবি অনুযায়ী গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আয়কর আদায়ে আর কোনো আইনি বাধা থাকল না।