Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত ২৯ শিশু

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া স্কুল ও সংলগ্ন বাড়িঘর। ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর বুকাভুতে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হতাহতের সংখ্যা এখনো প্রাথমিক এবং তা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। জাতিসংঘ পরিচালিত সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপির প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল দুটির পাশাপাশি পাশের একটি বসতিতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটকা পড়া শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

দক্ষিণ কিভু প্রদেশের উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে জানান, আগুনে স্কুল দুটির পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর পুড়ে গেছে।

এএফসি/এম২৩-এর মুখপাত্র কানিউকার তথ্য অনুযায়ী, আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। গুরুতর আহত ১৭ জনকে কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজনকে বুকাভু প্রাদেশিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিআরসির পূর্বাঞ্চল দখলের অভিযানের অংশ হিসেবে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এএফসি/এম২৩ গোষ্ঠী ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বুকাভু নিয়ন্ত্রণ করছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এএফসি/এম২৩ জানিয়েছে, জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলাকালে সবাইকে শান্ত, সংহত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর