Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের নিন্দা জামায়াতের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ২২:১৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ২২:২০

ঢাকা: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে আইজিপির এমন বক্তব্য চাকরিবিধি লঙ্ঘনের শামিল।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে বিনা বিচারে হত্যা, গুম ও ক্রসফায়ারের মাধ্যমে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। আইজিপির সাম্প্রতিক বক্তব্যে সেই কর্মকাণ্ডের পুনরাবৃত্তির হুমকি ও ইঙ্গিত রয়েছে, যা সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। এ বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একই সঙ্গে চাঁদাবাজি বন্ধ, মাদক নির্মূল এবং সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর