ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক আহত হয়েছেন।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
হামলায় আহত সাংবাদিকরা হলেন—আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। বিবৃতিতে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করেন জুবায়ের।
একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
জুবায়ের বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতির মধ্যে ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হামলার শিকার হওয়া উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে হামলাকারীদের ছবি থাকার পরও তাদের গ্রেফতার কিংবা আইনের কাছে সোপর্দ না করা আরও বেশি উদ্বেগের বিষয়।’
বিবৃতিতে তিনি বলেন, ‘মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অপরাধী যেই হোক, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’ এর ব্যত্যয় হলে ভবিষ্যতে ক্যাম্পাসে সন্ত্রাসীদের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, অ্যাকাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়া এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর বর্তাবে বলে তারা মনে করেন।