Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালাল বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, ৭৪ ভরি সোনাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৩

সোনাসহ আটক তিন ব্যক্তি।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি সোনার অলংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির।

আটক ব্যক্তিরা হলেন—মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাসান মিয়া (২৩)।

এপিবিএন জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বরের উত্তরপাশের ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে ২১ ও ২২ ক্যারেটের মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম সোনার অলংকার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের হিসাবে উদ্ধার করা সোনার অলংকারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে সোনার অলংকারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ বি (১) (বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তায় এপিবিএন আপসহীন। সোনা ও মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয় ও তৎপর রয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর