ঢাকা: মিয়ানমারে পাচারকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগতি থানাধীন চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন রামগতি। এসময় সন্দেহজনক ২টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা (৩২ হাজার ৫০০ কেজি) সিমেন্ট ও পাচারের জন্য ব্যবহৃত ২টি বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’