টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বাসাইল সদর ইউনিয়নের বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মণ্ডলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকালে স্বামী নরেন্দ্র মণ্ডলের সঙ্গে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন রংমালা রানি। তারা বাসুলিয়া এলাকায় পৌঁছালে বাসাইল থেকে নলুয়াগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে জড়িয়ে গেলেও চালক তাকে রেখেই দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার জন্য হাসপাতাল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক মোটরসাইকেলচালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’