Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১১:১৫ | আপডেট: ৬ জুন ২০২৬ ১১:৫২

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার পুলিশ জানায়, দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের একটি বাসের পেছনে সজোরে আঘাত করে। সংঘর্ষের পর মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ আসার আগেই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল ত্যাগ করেন।

বিজ্ঞাপন

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, নিহত দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর