ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
আকতার হোসেন বলেন, ‘রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ দুইজন ও সিটিটিসি বিভাগ দুইজনকে গ্রেফতার করেছে।’
তিনি জানান, অভিযানকালে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশি মদ, আটটি মোবাইলফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, একটি বাস, ১২ হাজার ৭৫০ টাকা, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।