ঢাবি: ডাকসুর সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানোর প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের কাছে ছবিটি অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সাংবাদিকদের বলেন, ‘বিতর্কিত ডাকসু থেকে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসের অধিকাংশ ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ব্যক্তির ছবি তারা টাঙিয়েছে। আমরা এটা সহ্য করতে পারি না। এটা অপসারণ করা না হলে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস এবং ডাকসু সংগ্রহশালায় কর্মসূচি দিতে বাধ্য হবে।’
তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানকে স্মরণ করতে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছে। কিন্তু তার আগেই বিতর্কিত ডাকসু রাতের অন্ধকারে ডাকসু ও মধুর ক্যান্টিনের সামনে একটি স্তম্ভ করেছে। কেন্দ্রীয় মসজিদের সামনে আরেকটি করতে চাচ্ছে। এভাবে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেউ যদি রাজনৈতিকভাবে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করে, তা আমরা মানব না।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আজ মোহাম্মদ আলী জিন্নাহর ছবির মাধ্যমে ডাকসুকে কলঙ্কিত করা হয়েছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাস্যাস্পদ করে তুলছে, ভাষা আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’