Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আলী জিন্নাহকে স্মরণ করে ডাকসু’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকের পোস্ট

ঢাবি করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৬

ডাকসু’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা এবং ফেসবুকে তার শেয়ার করা পোস্ট।

ঢাবি: উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চাওয়া জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করেছে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমাও নিজ ফেসবুক আইডিতে এ নিয়ে পোস্ট দিয়েছেন।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের ব্যানারে জুমা জিন্নাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে লেখা হয়, ‘উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, পাকিস্তান রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।’

বিজ্ঞাপন

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ এর তীব্র সমালোচনা করেন। বিশেষ করে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা একজন ডাকসু নেতার পক্ষ থেকে জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ’ করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

শিক্ষার্থীদের সমালোচনার মূল বিষয় হিসেবে উঠে এসেছে জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান আন্দোলন, দ্বিজাতিতত্ত্ব এবং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস। তাদের কেউ কেউ বলছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রেক্ষাপটে জিন্নাহকে শ্রদ্ধা জানানো সাংঘর্ষিক।

এ নিয়ে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আমিনুল হক অভি বলেন, ‘ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, জিন্নাহকে আপনার ভালো লাগতেই পারে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েও ভাষা শহিদ, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (এটা আপনি না করলেই ভালো), মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গণি ওসমানী, ৭ বীরশ্রেষ্ঠ সহ মহান মুক্তিযুদ্ধের বীরসেনাদের জন্মবার্ষিকে শ্রদ্ধা জানানোর ইচ্ছা আপনার হয় না। কিন্তু উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাওয়া জিন্নাহর জন্য আপনার দরদের শেষ নেই। আপনি হয়তো মুক্তিযুদ্ধকে ছোট করতেই এসব করেন। অবশ্য ভন্ডামি আপনি সেই প্রথম দিন থেকেই করে যাচ্ছেন।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের আহমেদ এবং সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা। সংগঠনের ব্যানারে প্রকাশিত ওই পোস্টের কারণে সংগঠনটির রাজনৈতিক অবস্থান নিয়েও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

 

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর