ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে ১ হাজার ৭৩৩ জন নতুন আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১৭৩৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৫৩ হাজার ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৪০৩৮ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৯ হাজার ৩৭৫ জন।