সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদী থেকে সবুজ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চায়না ক্রস বাঁধের ৪ নম্বর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. খোকন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চায়না ক্রস বাঁধের ৪ নম্বর এলাকায় যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সদর নৌ-পুলিশ ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে জানান, যমুনা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।