নেত্রকোনা: নেত্রকোনা সীমান্তবর্তী দুর্গাপুরে ঐতিহ্যবাহী রানীখং মিশনের চুরি যাওয়া ধাতব ঘণ্টা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে দুর্গাপুরে রানীখং মিশন সংলগ্ন অবস্থিত টেলিটক টাওয়ারের সামনে থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।
রানীখং মিশন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৮ অক্টোবর) রাতের আঁধারে দুর্গাপুরে রানীখং মিশনের ধাতব ঘণ্টা চুরি হয়ে যায়।এর ওজন কমপক্ষে ৪০ কেজি হবে। চার্চের দক্ষিণ-পশ্চিম কোণে দুটি স্তম্ভের মাঝখানে স্থাপিত ঐতিহ্যবাহী ব্রোঞ্জের তৈরি এ ঘণ্টাটি মিশনে প্রবেশ করার আগে বাজানো হয়।। ঘণ্টা চুরির ঘটনায় মিশনের ভক্ত ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘণ্টাটি উদ্ধারে বিশেষ অভিযান চালায়। এরপর শুক্রবার সকালে মিশনের দক্ষিণ পাশে টেলিটক টাওয়ারের নিকট থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।
জানতে চাইলে ঘণ্টা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রসুল সায়েদী আজাদ জানান, এক বিশেষ অভিযানে মিশনের চুরি হওয়া ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে।
এ সম্পর্কে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘণ্টা চুরির খবর পেয়ে পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। ৪৮ ঘণ্টার মধ্যে ঘণ্টাটি উদ্ধার করে মিশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।