Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১২:৪৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীর দক্ষিণ তীর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকাল ৮টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জোতপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা যমুনা নদীর পাড়ে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি দ্রুত আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা চৌহালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশকে অবহিত করে। পরবর্তীতে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর তীরে ভেসে ওঠা মরদেহটির বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে। তবে সেটি দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ বিকৃত হয়ে গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, সকালে নদীর পাড়ে গিয়ে দেখি একটি মরদেহ পানিতে ভাসছে। বিষয়টি দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে আশপাশের লোকজনকে জানাই এবং পুলিশকে খবর দেওয়া হয়।

আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, যমুনা নদীতে বিভিন্ন সময় দূর-দূরান্ত থেকে মরদেহ ভেসে আসে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে অন্য কোনো এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং নদীর স্রোতের কারণে মরদেহটি এখানে এসে পৌঁছেছে। তবে প্রকৃত ঘটনা তদন্তের পরই জানা যাবে।

এদিকে মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। অনেকেই মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করেন। কিন্তু কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি মরদেহটি শনাক্ত করতে পারেননি।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, জোতপাড়া এলাকায় যমুনা নদীর দক্ষিণ পাশে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে ওঠার খবর পাই। পরে বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়। নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর