Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেশার টাকা না পেয়ে ১১ মাসের শিশুকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯

অভিযুক্ত পিতা হামিদুল।

গাইবান্ধা: নেশার টাকার জন্য ১১ মাস বয়সি কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকার নানার বাড়ি থেকে শিশুটিকে নিয়ে তার বাবা হামিদুল বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন শিশুটির মা রুমানা আক্তার।

গাইবান্ধা সদর উপজেলার পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

রুমানা আক্তার বলেন, প্রায় দুই মাস আগে বিকেল ৫টার দিকে দুধ কিনে দেওয়ার কথা বলে তার স্বামী হামিদুল ১১ মাস বয়সি কন্যা ফাতেমা আক্তার জান্নাতকে বাস টার্মিনালের দিকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

রুমানা জানান, শিশুটিকে নিয়ে যাওয়ার পর হামিদুল মোবাইল ফোনে তাকে জানান, ১০ হাজার টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়া হবে। তবে আর্থিক সংকটের কারণে তিনি ওই টাকা দিতে পারেননি। এরপর থেকে শিশুটিকে ফিরে পাননি তিনি।

বিজ্ঞাপন

১১ মাস বয়সী শিশু ফাতেমা আক্তার জান্নাত। ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, হামিদুল পরে মোবাইল ফোন বন্ধ করে দেওয়ায় তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

রুমানা ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, পরিবহন শ্রমিক হামিদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতেই শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে তাদের দাবি।

ঘটনার পর থানায় অভিযোগ ও আদালতে মামলা করেও সন্তানকে ফিরে না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন রুমানা। তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হোক।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হবে।’

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর