Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০২

এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী।

ঢাকা: সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুরের) স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি সুপর্ণাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার দিন কারাগার থেকে সুপর্ণা সুরকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মামলার নথি থেকে জানা যায়, জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর চৌধুরীর নিজের এবং তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের নির্দেশ দেওয়া হয়।

২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণা নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশ ও নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এ এম তাহের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হয়।