ঢাকা: রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তেজগাঁও কলেজকে সরকারিকরণের দীর্ঘদিনের যৌক্তিক ও ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি চলছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
তেজগাঁও কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই বিশেষ কার্যক্রমে কলেজের বর্তমান শিক্ষার্থীরা দলে দলে অংশ নিয়ে তাদের একাত্মতা প্রকাশ করছেন এবং স্বাক্ষর প্রদান করছেন। শিক্ষার্থীদের মতে, এই প্রতিষ্ঠানটি সরকারি হলে পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীরা মানসম্মত বাসস্থান, উন্নত যাতায়াত সুবিধা এবং যোগ্য ও দক্ষ শিক্ষকমণ্ডলীর সান্নিধ্যসহ একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবে।
আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমরা অনার্স তৃতীয় বর্ষে পড়ুয়া বর্তমান শিক্ষার্থীরা হয়তো আর এক বছর পর নিজেদের ছাত্রজীবন শেষ করে ক্যাম্পাস থেকে বিদায় নেব। কিন্তু আমরা চাই, এই প্রতিষ্ঠানটি দ্রুত সরকারি মর্যাদায় ভূষিত হোক।’
ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গণস্বাক্ষর কর্মসূচি তেজগাঁও কলেজ প্রাঙ্গণে চলবে। আয়োজক সংগঠন ‘তেজগাঁও কলেজ সরকারিকরণ আন্দোলন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ ও ন্যায়সংগত সংগ্রাম অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তেজগাঁও কলেজের এই ন্যায্য আন্দোলনকে বেগবান করতে প্রাক্তন শিক্ষার্থী এবং অভিজ্ঞ প্রবীণদের সহযোগিতা ও আন্তরিক সমর্থন অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত উপস্থিতি ও সমর্থনই এই অধিকার আদায়ের লড়াইয়ের মূল শক্তি; তাই যারা এখনো এই কার্যক্রমে অংশ নেননি তারা দ্রুত ক্যাম্পাসে এসে নিজ কলেজের অধিকার রক্ষায় নিজেদের মূল্যবান স্বাক্ষর প্রদান করুক।’