Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে বাজারে আগুন, ১২টি দোকান ক্ষতিগ্রস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৬

বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড।

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে আগুনে পুড়েছে ১২টি দোকান। বুধবার (১৬সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বাজারের পাহারাদার আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দোকানগুলোর সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, ‘বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) সদর-সংলগ্ন বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত সম্মিলিত প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে বাজারের আনুমানিক ১০-১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০-৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণে বিজিবির তাৎক্ষণিক ও সমন্বিত তৎপরতায় বাজারের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২২ মার্চ রাতে বলিপাড়া বাজারে প্রায় ৫০টির মতো দোকান ও বসতঘর আগুনে ভস্মীভূত হয়। এ ছাড়াও ২০২৫ সালের ২৫ অক্টোবর গভীর রাতে আগুনে বাজারের ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর