ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের ডিসি এম তানভীর আহমেদ এবং গুলশান মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন-কে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসি প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেন-কে আজ বুধবার থেকে পুলিশ সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর, ডিএমপি’র সঙ্গে সংযুক্ত করা হলো।
দাউদ হোসেন গুলশান বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে গুলশান মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্র নিশ্চিত করেছে, গুলশান জোনের ডিসি এম তানভীর আহমেদ-কেও প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে তিনি তার দায়িত্ব হস্তান্তর করেছেন।
এর আগে, গত শুক্রবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গুলশানে মিছিল করেন। গত সোমবার ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়টি আলোচনা হয়। এর পরই গুলশান থানার ওসি এবং ডিসি-কে প্রত্যাহার করা হলো।