ঢাকা: সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাস ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি আগে চিকিৎসা করে প্রতিরোধ করা সম্ভব নয়, তাই এডিস মশার লার্ভা উৎপাদনের উৎসগুলো ধ্বংস করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ঘরে এসির পেছনে জমে থাকা পানি কিংবা যেকোনো গর্ত ও পাত্রের জমা পানি পরিষ্কার করতে হবে। প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় বরাদ্দ করে এবং প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলে এই মরণঘাতী রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
প্রেস সচিব বলেন, ডেঙ্গু ভাইরাস মন্ত্রী, গণমাধ্যমকর্মী কিংবা সাধারণ মানুষ কাউকে আলাদা করে চেনে না। তাই রাজনৈতিক বিতর্ক বা স্পর্শকাতর ইস্যু নিয়ে ব্যস্ত না থেকে দেশের স্বার্থে এবং সরকারের পাশাপাশি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।