চোখে আঁকা ঘন কাজল, হাতে রামের বোতল আর সেই চেনা এলোমেলো ভঙ্গির রাজকীয় হাঁটা! গত দু’দশক ধরে ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ বলতেই বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের চোখে ভেসে ওঠে হলিউড অভিনেতা জনি ডেপের মুখ। কিন্তু ডিজনি-র সঙ্গে আদালতের দীর্ঘ কাদা ছোড়াছুড়ি ও তিক্ত বিচ্ছেদের পর ভক্তরা ধরেই নিয়েছিলেন— ব্ল্যাক পার্ল জাহাজের সেই ক্ষ্যাপাটে জলদস্যু বুঝি চিরতরে হারিয়ে গেল।
কিন্তু না! ফের এক রাজকীয় কামব্যাকের ইঙ্গিত দিলেন অস্কার মনোনীত এই অভিনেতা। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ নিজের আইকনিক চরিত্রে ফেরার দরজা নিজেই উন্মুক্ত করলেন জনি ডেপ!
নিজের নতুন ছবি ‘এবেনেজার’-এর প্রচারের সময় এন্টারটেইনমেন্ট টুনাইট-কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন জনি ডেপ। নিজের জীবন বদলে দেওয়া সেই কালজয়ী চরিত্র প্রসঙ্গে তিনি স্বীকার করেন যে, সঠিক চিত্রনাট্য ও আঁটোসাঁটো সুপরিকল্পনা থাকলে তিনি আবারও স্প্যারো সেজে সমুদ্রের বুকে জাহাজ ভাসতে প্রস্তুত। জনি ডেপের কথায়, ‘যদি সবকিছু ঠিক সেই জায়গায় থাকে যেভাবে ওরা এই বিশাল ফ্র্যাঞ্চাইজিকে শেষ করতে চায়… তবে আমি নিশ্চিতভাবে যুক্ত হতে চাই। সত্যি বলতে, আমার একমাত্র উদ্দেশ্য থাকবে এই সফরটাকে আগের চেয়েও সুন্দর এবং সম্মানজনক একটা জায়গায় নিয়ে শেষ করা।’
স্টুডিওর সঙ্গে দূরত্ব তৈরি হলেও প্রযোজক জেরি ব্রাকহাইমার-এর সঙ্গে তার আত্মিক ও পেশাদার সম্পর্ক যে আজও অমলিন, তা স্পষ্ট করে দেন জনি। প্রযোজকের প্রতি নিজের অগাধ বিশ্বাসের কথা তুলে ধরে ডেপ বলেন, ‘জেরি ব্রাকহাইমারের সঙ্গে কাজ করার জন্য আমি কাল সকালেও সেটে চলে যেতে পারি। সেখানে চিত্রনাট্য কেমন সেটা বড় কথা নয়… জেরি যদি বলে, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমাদের বন্ধুত্ব বহু বছরের।’
অন্যদিকে, জেরি ব্রাকহাইমারও এক সাক্ষাৎকারে স্পষ্ট জানান, হ্যাক স্প্যারোর কামব্যাকের মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে চিত্রনাট্যে। জেরির কথায়, ‘জনি যদি চরিত্রটির লেখা পছন্দ করে, তবে আমার মনে হয় ও অবশ্যই কাজটা করবে। আমরা এখনও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। আমরা সবাই ছবিটা বানাতে চাই, কিন্তু তার জন্য নিখুঁত চিত্রনাট্য প্রয়োজন। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
২০০৩ থেকে ২০১৭—এই দীর্ঘ সময়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর পাঁচটি ছবি বিশ্বজুড়ে আয় করেছে ৪.৫ বিলিয়ন ডলারেরও বেশি! তবে স্বীকার করতেই হবে, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ছাড়া ব্ল্যাক পার্ল জাহাজটি একেবারেই আত্মাহীন। যদি জেরি ব্রাকহাইমার এবং তার টিম সেই নিখুঁত চিত্রনাট্য তৈরি করে ফেলতে পারেন, তবে সমুদ্রের বুকে শেষবারের মতো গর্জে উঠবে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সেই পরিচিত বার্তা— ‘স্যাভি?’