বেনাপোল: ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দেশে ফিরেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসাদের মধ্যে ৯ শিশু ও ৯ জন নারী রয়েছেন। তারা দেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, দালালচক্রের খপ্পরে পড়ে ১৮ নারী-শিশু বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে ভারতে যান। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর সাজাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও এবং মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
রাইটস যশোর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।