নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল আজিম সুমন উপজেলার কাদিরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়িরে মাস্টার আবুল খায়েরের ছেলে। তিনি উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সুমন চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে তিনি জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে অজ্ঞাত বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।’