জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর কথা বলা হয়।
নোটিশে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে স্টেজে বসার ঘটনাকে কেন্দ্র করে সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমির অনুসারীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে গড়ায়।
সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হন। তারা হলেন গণিত বিভাগের ১৮তম ব্যাচের তানজিল আহমেদ মিথিল, রসায়ন বিভাগের ১২তম ব্যাচের রবিউল ইসলাম শাওন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৬তম ব্যাচের মনিরুজ্জামান মনির। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।