Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: পাটওয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:০২

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংশোধন এবং প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনের সমাধান জাতীয় সংসদে করা না হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে ফয়সালা করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ, বিতর্কিত আইন সংশোধন এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বিতর্কিত গুম আইনে ভুক্তভোগীদের সুরক্ষার বদলে অপরাধীদের সুবিধা দেওয়া হয়েছে অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, জনগণের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে নাগরিক অধিকার খর্বকারী নানা আইন প্রণয়ন করছে।

তিনি বলেন, গুমের ঘটনায় ক্ষতিপূরণ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং তদন্তকারী সংস্থার জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো যথাযথভাবে আইনে রাখা হয়নি। নাগরিকদের অধিকার রক্ষার আইনের নামে তাদের অধিকার হরণ করার জন্য একটি কালো আইন সংসদে পাস করা হয়েছে।

প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক সময়ে সাইবার নিরাপত্তার জন্য আইন প্রয়োজন। তবে সেই আইনের প্রয়োগকারী সংস্থার জবাবদিহি, স্বচ্ছতা ও নিরপেক্ষতার নিশ্চয়তা থাকতে হবে। তিনি উল্লেখ করেন, ‘যে আইন তৈরি করা হয়েছে, সেই আইনের মধ্যে জবাবদিহি, স্বচ্ছ ও নিরপেক্ষতার সুযোগগুলো দেখি না।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি সরকার টু থার্ড মেজরিটি নিয়ে যে সরকার গঠন করেছে, ওই সরকারের ভেতরে তারা গণতন্ত্রের নামে নতুন স্বৈরাচারী কাঠামোর মধ্য দিয়ে যে আইন বানিয়েছে, বাংলাদেশের সব মানুষ এ বিষয়ে কথা বলার পরও তারা জনগণের কনসার্ন ও অধিকারের বিষয়গুলোকে তোয়াক্কা না করে জনগণের অধিকার খর্ব ও হরণের জন্য সব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, গুমের আইন সংশোধন করতে হবে এবং সাইবার সিকিউরিটি আইন এমনভাবে করতে হবে, যাতে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে। সংসদে এসব বিষয়ে সমাধান না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে এর ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী গঠন নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এ নেতা। তিনি বলেন, ‘কত মানুষকে তারা গুম করেছে, খুন করেছে, কিন্তু বাংলাদেশে কোনো মানুষ বিচার খুঁজে পায় নাই। সরকার এই পুরোনো মদের বোতলকে নতুন মোড়কে এখন আমাদের কাছে নিয়ে এসেছে। আগে ছিল র‍্যাব, এখন হলো এসআরবি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, র‍্যাব বিলুপ্তির সুপারিশের পরও নতুন নামে একই ধরনের কাঠামো রাখা হয়েছে। একইসঙ্গে র‌্যাবের নাম পরিবর্তন করে ‘এসআরবি’ গঠনকে পুরোনো মদের নতুন মোড়ক হিসেবে আখ্যা দিয়ে তিনি বিগত সময়ে সংঘটিত সব গুম ও খুনের বিচার, দোষীদের শাস্তি এবং ভুক্তভোগী পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর