ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ। হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষ জড়ো হন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভাঙ্গা কুমার নদে চরকান্দা থেকে ভাঙ্গা খাদ্যগুদাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। নৌকাবাইচের উদ্যোক্তা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘দীর্ঘদিন পর ভাঙ্গাবাসীর প্রাণের দাবির এই নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে। নৌকাবাইচকে কেন্দ্র করে দল-মত-ধর্ম নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছে। দীর্ঘদিন এই নৌকাবাইচের আনন্দ থেকে মানুষ বঞ্চিত ছিল। লোক-সংস্কৃতির শেকড়ের টানে নৌকাবাইচসহ গ্রাম বাংলার জারি, সারিসহ সকল ধরনের লোকসংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। মানুষকে আনন্দ দিতে হবে।’
নৌকাবাইচ সফল করার জন্য তিনি স্থানীয় প্রশাসন, বিএনপি নেতৃবৃন্দ ও সকল শ্রেণি-পেশার মানুষসহ সাংবাদিকদের ধন্যবাদ জানান। আগামী বছর থেকে আরও ব্যাপক পরিসরে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকেরা জানান, নৌকাবাইচে মাঝারি ও বড়ো আকারের প্রায় ২৬টি নৌকা অংশ নেয়। বড়ো নৌকার বিজয়ীদের ফ্রিজ এবং মাঝারি নৌকার বিজয়ীদের টেলিভিশন উপহার দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকটি নৌকার দৈর্ঘ্য ছিল ১২০ থেকে ১৪০ ফুট পর্যন্ত।
বাইচে অংশ নেওয়া প্রতিযোগীদের একেক রঙের পোশাক পরতে দেখা যায়। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ‘গ্রাম-বাংলার সংস্কৃতি মানে বাংলাদেশের সংস্কৃতি। এ সংস্কৃতি ধরে রাখতে হবে।’ এ ছাড়া ভাঙ্গার দীর্ঘদিনের ঐতিহ্য নৌকাবাইচ পুনরায় চালু হওয়ায় তিনি স্থানীয় এমপি শহিদুল ইসলাম বাবুলসহ প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলাবাসীকে ধন্যবাদ জানান।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌকাবাইচের উদ্যোক্তা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ও ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।