এখনো জমে উঠেনি শীতের সবজি বাজার। গত বছরের তুলনায় শীত কিছুটা দেরিতে আসায় শীতের সবজির সরবরাহ কম। সেই কারণে দামে খুব বেশি প্রভাব নেই।
যদিও রাজধানীর কাঁচাবাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। তবে নতুন মৌসুমের এসব সবজির দাম চড়া অন্তত গত বছরের এই সময়ের তুলনায়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বাসাবো বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটা ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। তবে আকার ভেদে ৫ টাকা কমবেশি আছে। এছাড়া শিমের দাম ৬০-৮০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, গাজর ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকা। পুরোনো দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। নতুন আলুর কেজি ১২০ টাকা হলেও পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এ ছাড়া শালগম ৮০ টাকা এবং ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, বাজারে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। সেই সঙ্গে দেশি মাছের সরবরাহ কমে আসায় দাম বাড়তি।
অন্যান্য সবজির মধ্যে লম্বা বেগুন ৫০ টাকা এবং গোল বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৯০ টাকা এবং ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটোল ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা। এদিকে পেঁপে ২০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শসার ক্ষেত্রেও রয়েছে দামের পার্থক্য। দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি। দেশি রসুন ৯০ টাকা এবং বড় আকারের রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।
তবে সবজির তুলনায় শাকের দাম কিছুটা কম। বাজারে লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাক বিক্রি হচ্ছে আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায়। শাকের ধরন ও আকার অনুযায়ী দামের এমন পার্থক্য দেখা গেছে।
বাজারের বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়াও সবজির দামে প্রভাব ফেলছে। তবে ডিসেম্বরের দিকে বাজারে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।
বাজারের বিক্রেতা রফিকুল হাসান বলেন, শীতের প্রায় সব ধরনের সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে টমেটো, গাজর ও শিমের মতো আগাম সবজির দাম তুলনামূলক বেশি। মৌসুমের শুরুতে এসব সবজির দাম সাধারণত বেশি থাকে। সরবরাহ বাড়লে ধীরে ধীরে দাম কমতে পারে।
আরেক বিক্রেতা ফিরোজ মিয়া বলেন, এখন শীতকালীন সবজির মৌসুম শুরু হচ্ছে। তাই দাম কিছুটা বেশি। ডিসেম্বরের দিকে বাজারে সবজির সরবরাহ বাড়লে তখন তুলনামূলক কম দামে বিক্রি করা সম্ভব হবে।
এদিকে সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ নতুন সবজির আগমনে খুশি হলেও দাম বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী কিনতে পারছেন না। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতাদের বাজার করতে হিমশিম খেতে হচ্ছে।
সাপ্তাহিক বাজার করতে আসা আসমা আক্তার বলেন, বাজারে নতুন নতুন সবজি উঠেছে। দেখতে ভালো লাগছে, কিনতেও ইচ্ছা করছে। কিন্তু দাম শুনলে আর কেনার আগ্রহ থাকে না। অনেক সবজির দামই এখন বেশি মনে হচ্ছে।
সবুজ রহমান বলেন, বাজারে তেমন কোনো পণ্যের দামই কম নেই। বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। যতটুকু সম্ভব অল্প অল্প করে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, ডিসেম্বরে দাম কমবে, তখন আবার জানুয়ারির কথা বলবেন। কিন্তু সাধারণ মানুষের তো প্রতিদিনই বাজার করতে হয়। আয় যেমনই হোক, খাবার কিনে খেতে হবে।
বাজারগুলোতে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। সোনালি কক মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা, লাল লেয়ার মুরগি ৩৩০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শাকের বাজারে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাকের আঁটি ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাকের আঁটি ৪০ টাকা, পালং শাক দুই আঁটি ৫০ টাকা ও ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। বাজারগুলোতে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা ও ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া চাষের শিং মাছ (আকারভেদে) ৩০০ থেকে ৫০০ টাকা, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৪০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কই ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা ও পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা শাহ আলম বলেন, বাজারে দেশি প্রজাতির মাছের চাহিদা অনুসারে সরবরাহ কম। সেই কারণে কিছুটা দাম দেশি। আর ইলিশ মাছের দামও বেশি।
বাসাবো বাজারে গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক ডজন লাল ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা ও এক ডজন হাঁসের ডিম ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। এ ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।