যশোর: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে। এতে যশোর শিক্ষাবোর্ডে ৩৯ হাজার ২২৭ জন পরীক্ষার্থীর তালিকা চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য ৩০০ থেকে ৫০০ শিক্ষার্থীর জন্য একটি করে কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যার আধিক্য বিবেচনায় উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক কেন্দ্র নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
এদিকে, খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য বোর্ডে আবেদন করেছেন ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি বিষয় পত্রের ফল চ্যালেঞ্জ করেছেন।
যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। প্রকাশিত ফলাফলে পাস করে ৫০ হাজার ৬৬৮ জন এবং অকৃতকার্য হয় ৬২ হাজার ১২৪ জন। অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে এক ও দুই বিষয়ে ফেল করা ৩৯ হাজার ২২৭ জন পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ে ফরম পূরণ সম্পন্ন করেছে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে খুলনা জেলা, সেখানে পরীক্ষায় অংশ নেবে ৭ হাজার ৪৯৪ জন। এ ছাড়া যশোরে ৬ হাজার ২৭৫ জন, ঝিনাইদহে ৫ হাজার ১০৬ জন, কুষ্টিয়ায় ৪ হাজার ৯৪৯ জন, সাতক্ষীরায় ৪ হাজার ২৯২ জন, বাগেরহাটে ৩ হাজার ৪৫ জন, মাগুরায় ২ হাজার ৬৭৬ জন, চুয়াডাঙ্গায় ২ হাজার ২৪৪ জন, নড়াইলে ১ হাজার ৮১৩ জন এবং মেহেরপুরে ১ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পুনঃপরীক্ষায় অংশ নেবে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। পুনঃপরীক্ষা গ্রহণের সব ধরনের প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার প্রতিটি উপজেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে। প্রতি তিন শ’ পাঁচ শ’ শিক্ষার্থীর জন্য একটি করে কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যার আধিক্য বিবেচনায় উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক কেন্দ্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, বোর্ডটিতে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি পত্রের ফল চ্যালেঞ্জ করেছেন। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, পুনঃনিরীক্ষার আবেদনে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। এ বিষয়ে আবেদন করেছেন ৩১ হাজার ১৬৮ জন।
দ্বিতীয় সর্বোচ্চ ১২ হাজার ৬৫৮টি আবেদন পড়েছে বাংলা বিষয়ে। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১০ হাজার ৬৮৬, রসায়নে ৯ হাজার ৭৪৬, জীববিজ্ঞানে ৭ হাজার ৩৪০, উচ্চতর গণিতে ৭ হাজার ৩১২ এবং পদার্থবিজ্ঞানে ৫ হাজার ৫২টি আবেদন জমা পড়েছে।