Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঋণের বদলে অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১২:২৭

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কথা জানান। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরলে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। কারণ, ঋণের অর্থায়ন দেশের ওপর ঋণের বোঝা আরও বাড়িয়ে দেবে। এর আগে, ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

বিজ্ঞাপন

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে রিজভী জানান, বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন। এসব প্রস্তাবের মধ্যে জলবায়ু অর্থায়ন, অনুদান নিশ্চিতকরণ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকারের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রীর নিজস্ব পরিবেশবান্ধব উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তার আওতায় গত সাত-আট মাসে ইতোমধ্যে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো সম্পন্ন হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং ইউরোপসহ বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহে প্রাণহানির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রীর এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলো ব্যাপকভাবে উপকৃত হবে।

উল্লেখ্য, কপ-৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে যোগ দিতে ২১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তান, কুয়েত ও মলদোভার প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর