Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চলে গেলেন ‘রোকযানা’ খ্যাত গায়ক শেখ সাহেদ আলী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১২:১৮

গায়ক শেখ সাহেদ আলী।

ঢাকা: জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী আর নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। সংগীতাঙ্গনের এই গুণী শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহেদের মৃত্যুর খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘ভাই আর আমাদের মাঝে নেই। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছিলেন শেখ সাহেদ আলী এবং তাকে নিয়মিত ডায়ালিসিস নিতে হতো। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক করেন, যার ফলে তার স্বাভাবিকভাবে কথা বলতেও বেশ অসুবিধা হচ্ছিল। এরই মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

কিডনিজনিত সমস্যার পাশাপাশি স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস ভাইরাসজনিত নানা জটিল রোগে ভুগছিলেন এই শিল্পী। সর্বশেষ অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

নব্বইয়ের দশক থেকে সংগীতের ভুবনে যাত্রা শুরু করেন শেখ সাহেদ আলী। ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা এই শিল্পী সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেই বেশি পরিচিত ছিলেন। তার কণ্ঠে ‘রোকযানা’ গানটি সে সময় শ্রোতাদের মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়া ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’সহ বেশ কিছু কালজয়ী গান তাঁকে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে দেয়।

১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম একক অ্যালবাম ‘প্রভু’। এরপর বর্ণাঢ্য সংগীতজীবনে তিনি আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন। গুণী এই শিল্পীর প্রয়াণে দেশের সংগীতাঙ্গনসহ তার অসংখ্য ভক্ত-অনুরাগীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর