ঢাকা: তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১) শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অবতরণের পরপরই সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফর ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত কথা বলেন তার প্রেস সচিব সালেহ শিবলী।
ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই দেশ গঠনের যে পরিকল্পনাগুলো জাতির সামনে তুলে ধরেছিলেন, বর্তমানে সেগুলোই বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের মতো পরিবেশবান্ধব ও জনগুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনেও প্রধানমন্ত্রী বাংলাদেশের এই নিজস্ব উদ্যোগ ও পরিকল্পনাগুলোর কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন এবং দেশে সেগুলোর বাস্তবায়ন পুরোদমে এগিয়ে চলছে।
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা জরুরি দাবি তুলে ধরেছেন। সম্মেলনে এখনো বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা চলমান রয়েছে।
সফরকালীন অন্যান্য কর্মসূচির বিবরণ দিয়ে প্রেস সচিব জানান, তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সুনির্দিষ্ট দাবি ও অর্জনের বিষয়ে আরও বিস্তারিত তথ্য আগামী এক থেকে দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানাবে।
এবারের রাষ্ট্রীয় সফরের একটি উল্লেখযোগ্য ও ইতিবাচক দিক তুলে ধরে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে সফরসঙ্গীর সংখ্যা ছিল মাত্র ২১ জন, যা রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও জবাবদিহিতার একটি বড় দৃষ্টান্ত। এছাড়া অতীতে সরকারপ্রধানের বিদেশ যাত্রা ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দর এলাকায় হাজার হাজার বা লাখ লাখ মানুষের সমাগম ও জনদুর্ভোগ তৈরির যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকার সেই প্রথা থেকে বেরিয়ে এসেছে।
উল্লেখ্য, কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে যোগ দিতে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর টিকে থাকার লড়াইয়ে ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।