Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়াকে ‘লজ্জাহীন’ বললেন রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৮:১৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ১৮:৪৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ছাত্র-শিশু-শ্রমিকসহ সাধারণ মানুষকে হত্যার পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে জনসংবর্ধনা পাওয়ার আশা করেন। তার মধ্যে ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি এসব করতে পারতেন না।

সোমবার ( ৯ নভেম্বর ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। সভার আয়োজন করে জিয়া পরিষদ।

রিজভী বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। এ জন্য তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার পাশাপাশি বিদেশের রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তার প্রশ্ন, ‘শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, শেখ হাসিনা কিছু রাজনীতিকের কাছ থেকে সার্টিফিকেট চাচ্ছেন, আজকে যেন তার যে দণ্ড আছে, সে দণ্ড যেন কার্যকর না হয়, এটা থেকে বাঁচা যায়। একটা সময় আপনি কত কথা বলতেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, যে মামলার সঙ্গে বেগম জিয়ার কোনো সংশ্লিষ্টতা ছিল না, জড়িত ছিলেন না, মিথ্যা মামলা দিয়ে নিজের আদালতকে দিয়ে, নিজের বিচারককে দিয়ে এক বর্বর পরিস্থিতি তৈরি করে তাকে জোর করে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছিল। আমরা যখন প্রতিবাদ করেছি, আইনমন্ত্রী বলতেন, মওদুদ সাহেব বলতেন, আদালত তার গতিতে চলে, আইন তার গতিতে চলে। এখন শেখ হাসিনা কেন বিদেশের কাছে ধর্ণা দেয় ?

রিজভী বলেন, শেখ হাসিনা হয়তো জুলাই গণ-অভ্যুত্থানের কথা ভুলে গেছেন, কিন্তু দেশের মানুষ তা ভুলবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ মানুষ মনে রাখবে। প্রধামমন্ত্রী যেভাবে গুম করেছে, হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করেছে, গুলি করে হত্যা করেছে শিশুকে। তাদের আত্মা ঘুরে ঘুরে কাঁদবে, আর শেখ হাসিনা উনি এখানে চলে আসবেন? আর উনাকে ঢোল-ঢাক পিটিয়ে, তাকে সংবর্ধনা দিয়ে তাকে নামিয়ে নিয়ে আনতে হবে – এটা তিনি মনে করেছেন ?

রিজভী বলেন,  জাতীয় বিপ্লব ও সংহতি দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।

স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের মানুষ বিপন্ন পরিস্থিতির মধ্যে ছিল। বিরোধী দলের কণ্ঠরোধ ও সরকারের সমালোচনাকারীদের নির্যাতনের উদ্দেশ্যে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর