ঢাকা: মসলার আড়ালে হংকং থেকে অবৈধভাবে আমদানি করা ৩০ কেজি শিশা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় রাজধানীর বংশাল ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ডিএনসি’র ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন- মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), উত্তরা পূর্ব থানাধীন ‘সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজ’-এর মালিক মো. শাকিল আহমেদ এবং উত্তরা সেক্টর-১১ এলাকার ‘ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং’-এর মালিক মো. মেহেদী হাসান (৪৬)।
উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, দীর্ঘ দুই মাস ধরে এই অবৈধ ব্যবসার ওপর গোয়েন্দা নজরদারি চালাচ্ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম আমদানিকারকদের নেটওয়ার্ক চিহ্নিত করে। পরবর্তীতে ডিএনসি’র গোয়েন্দা টিমের সদস্যরা ক্রেতা সেজে ৫ কেজি শিশার অর্ডার দেন এবং আমদানির পুরো প্রক্রিয়া মনিটরিং করেন। গত ১১ নভেম্বর রাতে সেই ৫ কেজি শিশা সংগ্রহ করতে গিয়ে শেষ পর্যন্ত এর সাথে আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি অবৈধ শিশা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গত ১১ নভেম্বর রাতে রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডের ‘AS SUNNAH’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় মো. সোলায়মান আহমেদ শুভকে। পরে তার দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা ‘AL FAKHER’ ব্র্যান্ডের মোট ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন ‘সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজ’-এর মালিক মো. শাকিল আহমেদের মাধ্যমে তিনি এই শিশা সংগ্রহ করেছেন। এই তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর সকালে উত্তরায় অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা সেক্টর-১১ এলাকায় ‘ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং’-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে এনে শাকিলের মাধ্যমে সোলায়মানের কাছে সরবরাহ করতেন।
ডিএনসি’র এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের মোবাইল ফোন ও তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে আর্থিক লেনদেন ও শিশা কেনাবেচার তথ্য পাওয়া গেছে। চক্রের সঙ্গে জড়িত সালমান নিবিড়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে মসলার নামে এই অবৈধ মাদকদ্রব্য হংকং থেকে বাংলাদেশে আনা হয়েছে। কীভাবে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে বা শুল্ক প্রক্রিয়া সম্পন্ন করে এসব পণ্য আনা হলো, সে বিষয়ে অধিকতর অনুসন্ধান চলছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে বংশাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে ডিএনসি’র একজন কর্মকর্তার মাধ্যমে তদন্তাধীন রয়েছে। মাদকের অবৈধ সরবরাহ ও বিপণন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।