Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৮

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় তমা খাতুন (২০) নামের এক তরুণীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত তমা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোলাপনগর বাজারের একটি পার্লার থেকে সাজগোজ করে বাড়ি ফিরছিলেন তমা। পথে তাকে তুলে নিয়ে সংঘবদ্ধ একটি দল ধর্ষণ ও নির্যাতন করে। এরপর গভীর রাতে বখশীপাড়ার এক নির্জন মোড়ে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

বিজ্ঞাপন

পরে তমাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরদিন তমার মা কাজলী খাতুন ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে গোলাপনগর এলাকার আবু বক্করের সঙ্গে তমার বিয়ে হয়েছিল। প্রায় দেড় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তমাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় সাবেক স্বামী আবু বক্করের সম্পৃক্ততা থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

নিহত তমার মামাতো ভাই হাবিবুর রহমান হাবিব বলেন, ‘১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর গোলাপনগর বাজার থেকে তাকে অপহরণ করা হয়। পরে একটি সংঘবদ্ধ দল তার ওপর নির্যাতন চালিয়ে মুমূর্ষু অবস্থায় নির্জন স্থানে ফেলে যায়। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।’

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। নিহত তমার সাবেক স্বামী আবু বক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলা সম্ভব হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর