রাজবাড়ী: নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। ঘাটটিতে নিরাপদে ফেরি ভিড়তে না পারায় শুক্রবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
৭ নম্বর ফেরিঘাট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন।
ঘাটটি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাগজে-কলমে দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে ৩ ও ৪ নম্বর ঘাট। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোট ১৮টি ফেরির মধ্যে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বলেন, শুক্রবার ভোর ৫টা থেকে নাব্যতা সংকটের কারণে ৭ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ঘাটটি চালু করার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাছান আহমেদ বলেন, দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। ঘাটটি চালু করার জন্য ড্রেজিং করার পরিকল্পনা রয়েছে। তবে ড্রেজিংয়ের ক্ষেত্রে স্থানীয়রা নদীভাঙনের বিষয়টি উত্থাপন করেছেন। এ বিষয়ে আগামীকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হবে।
ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের একটি ফেরিঘাট বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে। দ্রুত ঘাটটি চালু করা না গেলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।