ঢাকা: রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে দেওয়া আগুনে এক নারী সহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সুত্রাপুর শ্যামবাজার চামাকটুলি এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন- সিদ্দিক বেপারী (৬০), তার ছেলে মো. ইমন (২৬), ভাতিজা রাজিব (৩৮), ভাগিনা আরিফুর রহমান ধলু (৩৫) ও ভাগ্নি তানিয়া আক্তর (২০)।
দগ্ধ আরিফুর রহমার ধলুর স্ত্রী সোনিয়া আক্তার জানান, শ্যামবাজার চামাকটুলি তাদের পৈতৃক সম্পত্তি। দগ্ধরা সবাই পাশাপাশি থাকে। ইমন সৌদিআরব প্রবাসী। রাজিব ন্যাশনাল হাসপাতালে মেকানিকের কাজ করে। এ ছাড়া ধলু ইলেক্ট্রিক মিস্ত্রি। আর তানিয়া পুরান ঢাকার উইমেন্স কলেজে অনার্স পড়ে।
তিনি আরও জানান, গতকাল ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমে রাখে। এটা দেখে তানিয়া পানি পরিষ্কার করতে বলে। এ বিষয় নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সুলতানা সৌদি আরব প্রবাসী ভাই ইমনকে বিষয়টি জানায়। ইমন গতকাল দেশে চলে আসে। এর পর আজ বিকেলে ইমন সবাইকে হুমকি দিয়ে বলে- ‘আমিও মরব, তোদেরকেও মারব’। এই বলে নিজের গায়ে পেট্রোল ঢালে এবং বাকিদের শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে সবাই দগ্ধ হন। এর পর সবাইকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, সুত্রাপুর এলাকা থেকে দগ্ধ পাঁচজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে সিদ্দিকের ৩৫ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ, আরিফের ৮ শতাংশ ও তানিয়ার ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।