হিলি: শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারে হাকিমপুর উপজেলার ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, অধিকাংশ প্রতিমার মাটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে।
এখন রং ও অলংকারে প্রতিমাকে সাজিয়ে তোলার অপেক্ষায় রয়েছেন কারিগররা। পাশাপাশি মণ্ডপসজ্জার কাজও এগিয়ে চলছে পুরোদমে।
প্রতিমা কারিগর নিপেন চন্দ্র ও অনিল কুমার বলেন, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন রং ও সাজসজ্জার কাজ বাকি রয়েছে। এসব কাজ শেষ হলেই প্রতিমা পূজার জন্য প্রস্তুত হবে।
চণ্ডীপুর পূজা কমিটির সভাপতি অলক কুমার বসাক বলেন, আমাদের মণ্ডপের প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন রং ও সাজসজ্জার কাজ চলবে। নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে৷ শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা যাতে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।