কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে মাকে কুপিয়ে এবং আট মাস বয়সি ভাতিজিকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার ভাবি রাবেয়া আক্তার। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন ইমনের মা মোছা. ফিরোজা বেগম এবং তার আট মাস বয়সি ভাতিজি ইসরাত জাহান। আহত রাবেয়া আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন দা দিয়ে তার মাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। এরপর ইমন তার ভাতিজি ইসরাত জাহানকে আছড়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় রাবেয়া আক্তার বাধা দিতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে রাবেয়া আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। একই সঙ্গে ইমনকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়।
ইমনের বড়ো ভাই মো. সুজন (৩৫) বলেন, ‘২০১৮ সালে পা ভেঙে যাওয়ার পর থেকে ইমন বাড়িতেই থাকত। তার পায়ে দুইবার অস্ত্রোপচার করা হয়েছে। এরপর থেকে তার মধ্যে মানসিক সমস্যার কিছু লক্ষণ দেখা যায়।’
তিনি জানান, সোমবার সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে ফিরে মা ও ভাতিজির মৃত্যুর এবং স্ত্রীর আহত হওয়ার খবর পান।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমনকে আটক করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।