গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রাকের হেলপার সুবল দাস (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের হেলপার সুবল দাস গুরুতর আহত হন। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, ‘ট্রাকের ধাক্কায় সুবল দাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’