সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাটির আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান (৫২) পাবনা জেলার আতাইকোলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্স মোল্লার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বগুড়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আল আমিন পরিবহণের একটি বাস। পথে বাঘাবাড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় অটোরিকশাটি ছিটকে সামনে থাকা আরএফএলের একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়।
এতে অটোরিকশার যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
শাহজাদপুর ফায়ার স্টেশনের অফিসার পারভেজ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।’