ঢাকা: বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক; কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার্স: ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করতে হবে। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে, যেখানে আশ্রয়ের পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার কারও প্রতিপক্ষ নয়, বরং জনগণ ও সরকার একে অন্যের পরিপূরক।
অনুষ্ঠানের মুক্ত প্রশ্নোত্তর পর্বে সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা জন্মনিবন্ধন সনদ ও নাগরিক সেবা প্রাপ্তিতে প্রশাসনিক জটিলতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরে। মন্ত্রী শিশুদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও জানানো হয়, ২০০০ সালে প্রতিষ্ঠিত অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ‘লিডো’ পথশিশু ও সুবিধাবঞ্চিত নারীদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি ও সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিল।