অসুস্থতার কারণে বর্তমানে বিশ্রামে রয়েছেন বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন। আপাতত বন্ধ আছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ গেম শোয়ের শুটিংও। এর মধ্যে ব্লগে নিজের স্বাস্থ্যের আপডেট দিলেন এই অভিনেতা।
দীপাবলি উপলক্ষ্যে প্রচুর উপহার পাচ্ছেন তিনি। পাচ্ছেন শুভেচ্ছা বার্তাও। এবার অনুরাগীদের পাঠানো সেই শুভেচ্ছা বার্তার জবাব দিয়ে একটি ব্লগে অমিতাভ বচ্চন লেখেন, ‘আমি বহু শুভাকাঙ্ক্ষীর থেকে প্রচুর শুভেচ্ছাবার্তা, উপহার পাচ্ছি। এত উপহার পাচ্ছি যে সেগুলো আর রাখার জায়গা হচ্ছে না। উপহারগুলো সঠিক ভাবে না রাখার অর্থ সেগুলোকে অবহেলা, অসম্মান করা। ফলে যারা আমায় উপহার পাঠাচ্ছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমিও সকলকে চিঠি লিখে লিখে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি নিজেই সেই উত্তরগুলো লিখতে চেয়েছিলাম। কিন্তু হাতের ব্যথা, অস্বস্তির কারণে একটু দেরি হচ্ছে। আমি ক্ষমাপ্রার্থী।’
তিনি এদিন আরও লেখেন, ‘আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সাম্প্রতিক সময়ে বেশি দেরি হওয়ার কারণে।’ ফলে তিনি যে এই বার্তার মধ্য দিয়ে তার স্বাস্থ্য যে বিশেষ ভাল নেই, সেই বার্তাই দিলেন সেটা স্পষ্ট।
অমিতাভ বচ্চন তার ব্লগে আরও লেখেন, ‘আমরা কী করতে পারি? পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে ক্ষমা চাওয়াটাই সহজ মনে হচ্ছে। ক্ষমা চাওয়ায় তো কোনও সমস্যা নেই। উল্টো দিকের মানুষটা সেটা প্রত্যাখ্যান করতে পারেন, বারণ করতে পারেন আবার অবস্থা বুঝে সেটা মেনেও নিতে পারেন। সকলে যদি আমার ক্ষমা প্রার্থনা মেনে নেন এবং স্বীকার করেন আমি খুবই খুশি হবো।’
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে পড়ে গিয়ে আঘাত পান অমিতাভ বচ্চন। এছাড়াও তার ঘুমের বেশ কিছু সমস্যা হচ্ছে বলেও জানা গিয়েছিল। সবটা মিলিয়েই তার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপাতত বন্ধ রয়েছে উক্ত গেম শোয়ের শুটিং। তার আগেই তিনি এদিন দীপাবলি উপলক্ষ্যে এই বিশেষ বার্তা দিলেন।