ঢাকা: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার।
তিনি জানান, দেশের ভেতরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে।
নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের Postal Vote BD App-এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৭ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, এবং আপিল করার সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
এ ছাড়া দায়ের করা আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট অনুষ্ঠিত হবে।