ফিফা আসিয়ান কাপের অভিষেকটা মনে রাখার মতো হলো না বাংলাদেশের। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে থমাস ডুলির দল। প্রথমার্ধেই দুই গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান কমাতে পারেনি।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে মালয়েশিয়া, দলীয় শক্তির বিচারেও। তবে এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী থাকার কথা বলেছিলেন বাংলাদেশের কোচ। আগের দিনই কোচ থমাস ডুলি জানিয়েছিলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ।
নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিও এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। কিন্তু প্রথম ম্যাচে মালয়েশিয়ার গতি ও আক্রমণ সামলাতে শুরু থেকেই হিমশিম খেতে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচের শুরুতেই বাংলাদেশের গোলমুখে চাপ তৈরি করে মালয়েশিয়া। চতুর্থ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বিপজ্জনক শট এসেছিল। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কোনোমতে তা ঠেকিয়ে বিপদ সামাল দেন।
তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি বাংলাদেশের রক্ষণ। ১৮ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সির আরিফ আইমান। তপু বর্মণ তাকে আটকানোর চেষ্টা করেও সফল হননি। এরপর শ্রাবণকেও পরাস্ত করে বল জালে পাঠান মালয়েশিয়ার এই আক্রমণভাগের তারকা।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে মালয়েশিয়া। ৩৮ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে আবারও গোল করেন আরিফ আইমান। তপু বর্মণের ভুল পাস থেকে বল পেয়ে সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মালয়েশিয়া।
দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশের খেলায় কিছুটা পরিবর্তন দেখা যায়। আক্রমণে ওঠার চেষ্টা বাড়ায় হামজা চৌধুরীরা। কিন্তু সেই চাপ থেকে কাঙ্ক্ষিত গোল আদায় করা সম্ভব হয়নি। বরং ৫২ মিনিটে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় মালয়েশিয়া।
ডানপ্রান্ত থেকে আসা বল বাম পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ে শট নেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। শটের গতি খুব বেশি না থাকলেও শ্রাবণ তা ঠেকাতে পারেননি। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া।
এরপর বাংলাদেশের সামনে গোল শোধের সবচেয়ে বড় সুযোগগুলোর একটি আসে ৭৬ মিনিটে। সতীর্থের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন হামজা চৌধুরী। সামনে তখন কেবল মালয়েশিয়ার গোলরক্ষক। কিন্তু হামজার প্রথম শট আটকে দেন তিনি। ফিরতি বল পেয়ে দ্বিতীয়বার শট নিলেও তা কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন মালয়েশিয়ার গোলকিপার।
শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ৩-০ ব্যবধানের হার নিয়েই আসিয়ান কাপের প্রথম ম্যাচ শেষ করতে হয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশের জন্য এখন সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ সিঙ্গাপুরের বিপক্ষে। ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। এরপর ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।