যশোর: আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লেও দেশের ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের মূল্য বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব জ্বালানির দাম আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার চূড়ামনকাটিতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াতে হয়েছে। সৌদি আরব, দুবাই, কাতার কিংবা যুক্তরাষ্ট্রে তেলের দাম অনেক বেশি। তবে বিশ্ববাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জনগণের স্বস্তির জন্য সরকার জ্বালানির দাম কমিয়ে আনবে।
কৃষি খাতে সেচ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কৃষকের সেচ ও উৎপাদন খরচ কমাতে সেচ পাম্পগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ তথা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা হচ্ছে। ইতোমধ্যে হৈবতপুর ও লেবুতলা ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে যশোর সদর উপজেলার অধিকাংশ সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এতে কৃষকের সেচ খরচ কমবে এবং কম ব্যয়ে ফসল উৎপাদন করে তারা বেশি লাভবান হতে পারবেন।
চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দার ফারুক ও সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকনসহ স্থানীয় নেতারা।