খুলনা: জেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। এ সময় মিছিলকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন বলেও অভিযোগ করেছেন তিনি।
মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। এ সময় বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। তখন মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাসার ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
তিনি অভিযোগ করেন, মিছিলকারীরা তার বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। তবে এই ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি বলে জানান।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় বিএনপি নেতা মামলা দায়ের করবেন।’