ঢাকা: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা এ বিষয়ে নিশ্চিত করেছেন।
এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লিসহ মোট তিনজন।
উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরাও। গত ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটদানে ইচ্ছুক প্রবাসীরা নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ সেপ্টেম্বর বাছাই, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আপিল আবেদন ও ৬ অক্টোবর তা নিষ্পত্তি করা হবে। এরপর ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর নির্ধারিত ২৯ অক্টোবর নির্বাচন সম্পন্ন করার জন্য কমিশন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে।