Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাস্থ্যকেন্দ্রে হামলায় জড়িতদের গ্রেফতারে ডিএনসিসি প্রশাসকের কড়া নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১১

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

ঢাকা: গভীর রাতের অন্ধকারে রাজধানীর মিরপুর-১-এর ঐতিহ্যবাহী ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের মুখোমুখি দাঁড় করানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মহাখালীর কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। প্রশাসক স্পষ্ট করে বলেন, কোনো ধরনের দখলদারিত্ব বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যদি কোনো জমির মালিকানা নিয়ে বিতর্ক থেকে থাকে, তবে সেটি আইন ও আদালতের মাধ্যমে সমাধান করতে হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, পুলিশ প্রশাসন এরইমধ্যে পুরো এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যেও যেন স্বাস্থ্যসেবা বন্ধ না থাকে, সে বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় অবকাঠামোগত সহযোগিতা দেওয়ার কথা বলা হয়েছে।

ভয়াবহ এই ঘটনার বিবরণ দিয়ে স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, আড়াই শতাধিক মুখোশধারী হামলাকারী এসে অস্ত্রের মুখে দায়িত্বরত প্রহরীদের জিম্মি করে ফেলে। তারা স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে জরুরি চিকিৎসা সরঞ্জাম, মূল্যবান ওষুধ ও সরকারি টিকার স্টকসহ নগদ অর্থ লুট করে নেয়। পরে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পুরো হাসপাতাল ভবনটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্লিনিক কর্তৃপক্ষের।

হামলার পেছনে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সংগঠনের নাম উঠে এসেছে এবং ঘটনাস্থলে তাদের একটি সাইনবোর্ডও টাঙানো দেখা গেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় হানিফ মিয়া নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বর্তমানে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ক্লিনিক ভবন ধসে পড়লেও মূল ফটকের সামনেই সাময়িকভাবে খোলা আকাশের নিচে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর