নওগাঁ: বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে দেশের ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। প্রবাসী কর্মীর সংখ্যা ও বৈদেশিক রেমিট্যান্স বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা থাকলেও এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে জেলাটি। এ অবস্থান থেকে উত্তরণে দক্ষ জনশক্তি তৈরি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং বৈধ পথে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বুধবার(১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বিদেশে প্রশিক্ষিত কর্মীদের চাহিদা, মর্যাদা ও বেতন তুলনামূলক বেশি। বাংলাদেশের তুলনায় নেপাল ও ফিলিপাইনের মতো দেশের কর্মীরা বিদেশে বেশি বেতন ও মর্যাদা পেয়ে থাকেন। এর অন্যতম কারণ তাদের দক্ষতা ও প্রশিক্ষণ। তাই বিদেশে যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি বেশি রেমিট্যান্স অর্জনও সম্ভব।
তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়া অনুসরণ করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমে। এরপরও কেউ প্রতারিত হলে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। তাই দালালদের মাধ্যমে অবৈধ পথে বিদেশ না গিয়ে সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যাওয়ার বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।
জেলা প্রশাসক বলেন, বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। এ অবস্থান থেকে জেলাকে এগিয়ে নিতে হবে। নওগাঁর আরও বেশি মানুষ যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।